October 6, 2026, 3:03 pm

চাটখিলে শিশুর মৃত্যু ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর

শারাফাত করিম সাউথ, নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুই মাস বয়সী শিশু ফাতেমা হাসান রিমির মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তুলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়দের একাংশ স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগও উঠেছে। ঘটনায় আনসার মাহমুদুল হাসান (৩৫), হুমায়ুন আহমেদ (৩৩) ও নিরাপত্তাকর্মী মো. বুলবুল আহমেদ আহত হন।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, হামে আক্রান্ত রিমিকে সোমবার দুপুর ২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বজনরা পরীক্ষার রিপোর্ট চিকিৎসককে দেখানোর পর শিশুটিকে ইনজেকশন ও স্যালাইন দেওয়া হয়। শিশুটির মা উম্মে সালমার অভিযোগ, এর পরপরই রিমির অবস্থার অবনতি ও শ্বাসকষ্ট শুরু হয়। অক্সিজেন চাওয়া হলেও তা না পাওয়ার অভিযোগ করেন তিনি। পরে বিকেল ৩টার দিকে শিশুটির মৃত্যু হয়। তবে চিকিৎসক নাজিয়া নুর ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিন আক্তার জানান, বুকের দুধ শ্বাসনালিতে গিয়ে অ্যাসপিরেশন নিউমোনিয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।
খবর পেয়ে ইউএনও মিজানুর রহমান ও চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা পরিবারের সদস্যদের থানায় অভিযোগ করার পরামর্শ দেন এবং অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ওসি জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১টা পর্যন্ত শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

 



ফেসবুক কর্নার