October 6, 2026, 3:02 pm

পাতারটেকে সাত হত্যায় শেখ হাসিনাসহ ১০ আসামির শুনানি

অভয়নগর প্রতিবেদক

গাজীপুরের পাতারটেকে সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২৮ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার (৬ অক্টোবর) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করা হয়। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক এসবি প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, বগুড়ার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান, সাবেক গাজীপুর পুলিশ সুপার ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, বগুড়ার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল এবং সাবেক সিটিটিসি সহকারী কমিশনার এসএম জাহাঙ্গীর হাছান। বর্তমানে শহীদুল হক ও আসাদুজ্জামান মিয়া কারাগারে রয়েছেন।

প্রসিকিউশন জানায়, ২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় ‘অপারেশন শরতের তুফান’ অভিযানে সাতজনকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। প্রসিকিউটর গাজী এমএইচ তামিমের দাবি, দেশের বিভিন্ন স্থান থেকে তাদের তুলে নিয়ে বগুড়ায় গোপন বন্দিশালায় আটকে রাখা হয়েছিল এবং পরে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়। নিহত সাতজনের মধ্যে চারজনের পরিচয় এখনও অজানা; অন্য তিনজন হলেন মো. ইবরাহীম, ফরিদুল ইসলাম আকাশ ও সাইফুর রহমান। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ১০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।



ফেসবুক কর্নার