
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর প্রতিকূল পরিস্থিতিতে অস্ত্রাগারে সংরক্ষিত অস্ত্র উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনে পৌঁছে দিতে ভূমিকা রেখেছে সালথা থানা পুলিশের একটি দল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ ঘটনা ঘটে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খাঁনের নেতৃত্বে পুলিশের দলটি এ কার্যক্রম পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর সৃষ্ট পরিস্থিতিতে ওসি বাবলুর রহমান খাঁনের নেতৃত্বাধীন দলটি দ্রুত ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনে নিয়ে আসে। এ ঘটনায় দায়িত্বশীল ভূমিকার জন্য ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী ওসি ও তাঁর দলের সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
পুলিশ সুপার ভবিষ্যতেও দেশ, জনগণ ও বাংলাদেশ পুলিশের মর্যাদা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি এ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ওসি ও তাঁর দলকে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে, ২৭তম আউটসাইড ক্যাডেট ২০২৫ ব্যাচের পক্ষ থেকেও ওসি বাবলুর রহমান খাঁন ও তাঁর দলকে অভিনন্দন জানানো হয়েছে।