October 6, 2026, 3:40 pm

আগৈলঝাড়ায় ৬০ বছর বিনা পারিশ্রমিকে শিক্ষকতা, রাষ্ট্রীয় সম্মাননা

শাহআলম মোল্লা, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের প্রবীণ শিক্ষক রমণীকান্ত বেপারী দীর্ঘ ৫৫ থেকে ৬০ বছর ধরে বিনা পারিশ্রমিকে শিশুদের পাঠদান করে আসছেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তাঁর দীর্ঘদিনের নিঃস্বার্থ শিক্ষাসেবার স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে। সম্প্রতি আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও নগদ দুই লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
জানা গেছে, স্বাধীনতার বহু আগে রাংতা সার্বজনীন দুর্গা মন্দিরের আঙিনায় গড়ে ওঠা ছোট পাঠশালায় দরিদ্র শিশুদের বর্ণমালা ও নৈতিক শিক্ষা দেওয়া শুরু করেন রমণীকান্ত বেপারী। কোনো মাসিক বেতনের ব্যবস্থা না রেখেই তিনি দীর্ঘদিন ধরে শিশুদের পাঠদান করে আসছেন। একই পরিবারের তিন প্রজন্মের—বাবা, ছেলে ও নাতি-নাতনির—প্রাথমিক শিক্ষাও তাঁর কাছে হয়েছে। কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তিনি নিজেই তাদের বাড়িতে গিয়ে খোঁজ নেন।
স্থানীয় প্রশাসনের নজরে আসার পর আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার সরেজমিনে তাঁর পাঠশালা পরিদর্শন করেন। ৭৫ বছরের বেশি বয়সেও রমণীকান্ত বেপারীর শিক্ষাসেবার আগ্রহ স্থানীয়দের মধ্যে প্রশংসা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে। তাঁর রাষ্ট্রীয় সম্মাননা নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে যাওয়া শিক্ষকদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে স্থানীয়রা মনে করছেন।



ফেসবুক কর্নার