October 7, 2026, 4:04 pm

নান্দাইলে কৃষক শফিকুল হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড

রাব্বি

ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় দীর্ঘ ১১ বছর পর রায় দিয়েছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় চর লক্ষ্মীদিয়া এলাকার আবু বকর সিদ্দিকের তিন সহোদর মোজাম্মেল হক স্বপন (৪৬), মো. আপন মিয়া (৪৩) ও রিপন মিয়া ওরফে জিবু (৪১)-কে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রিপন মিয়া পলাতক রয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন ভাই ছাড়াও মামলার অপর ১০ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন—আবু বকর সিদ্দিক (৭১), কাঞ্চন মিয়া (৩৬), রুবেল (৫৬), পারভেজ (৩১), মোফাজ্জল হোসেন (৫৬), কাশিদ (৫৯), আল-আমিন (৩১), সুমন মিয়া (৩৬), নয়ন মিয়া (২৯) ও আসাদুল (২৯)। তাদের মধ্যে আসাদুলও পলাতক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চর ভেলামারী এলাকার হযরত আলীর ছেলে কৃষক শফিকুল ইসলাম সবির সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাট এলাকার একটি কাপড়ের দোকানে বসে থাকা অবস্থায় শফিকুলের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম ১৩ জনের নাম উল্লেখ করে নান্দাইল থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামিদের পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়।



ফেসবুক কর্নার