
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) হাজারো সমর্থক। রোববার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ থেকে কর্মসূচি শুরু হয়। মিছিলে নেতৃত্ব দিচ্ছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি। কয়েকটি স্থানে বিরতি দিয়ে মিছিলটি ইসলামাবাদে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছে।
ইমরানের মুক্তির দাবিতে তরুণসহ দলের সব সমর্থককে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সোহাইল আফ্রিদি। লংমার্চ ঠেকাতে ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় হাজারো পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সরকারি গুরুত্বপূর্ণ এলাকা ঘিরে কনটেইনার দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, মিছিলকারীদের ইসলামাবাদে প্রবেশ করতে দেওয়া হবে না।
এর আগে পিটিআইয়ের বিভিন্ন দাবি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা শুরু হলেও খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসবিরোধী নীতি নিয়ে মতবিরোধের জেরে তা ভেস্তে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি অভিযোগ করেছেন, পিটিআই সন্ত্রাসবিরোধী নীতিতে সহযোগিতা করতে রাজি হয়নি। তবে দলটি এ ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে। ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলায় সাজা হলেও অধিকাংশ রায় স্থগিত বা বাতিল হয়েছে; বর্তমানে একটি মামলায় সাজা বহাল রয়েছে এবং অন্য মামলাগুলোর আপিল বিচারাধীন।