
ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিমদের ওপর হামলা ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বুধবার সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে পৌর মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশস্থলে জড়ো হন। এ সময় তারা ব্যানার-ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, ভারতে মুসলমানদের ওপর হামলা ও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা উদ্বেগজনক। তিনি এসব ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত সহিংসতা বন্ধ এবং দোষীদের বিচারের দাবি জানান।
জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা আলী আজম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা জরুরি।
সমাবেশ শেষে পৌর মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
কর্মসূচি চলাকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।