
ময়মনসিংহর গফরগাঁও উপজেলার পাগলাথা মহাখালী ইউনিয়নের দরীচাইরবারিয়া গ্রামের শাহা ভিটা এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পাগলা থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গ্রামের লোকজন শাহা ভিটা এলাকার একটি নির্জন স্থানে যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ নির্জন ওই স্থানে ফেলে রেখে গেছে। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পাগলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্ত ও হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।