
মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
সোমবার (২৫ মে) বিকেলে সিংগাইর উপজেলার কিটিংচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হেমায়েতপুর থেকে সিংগাইরগামী একটি নাম্বারবিহীন সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাপাচি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মো. কাউসার আহম্মেদ (১৮) ঘটনাস্থলেই মারা যান।
নিহত কাউসার সিংগাইর উপজেলার আঠালিয়া এলাকার মো. শহিদুল ইসলাম মোমেনের ছেলে।
এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী মো. আরাফাত (১৮) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।