
রাঙ্গামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে নিখোঁজ এক শিশুকে উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (২৬ মে) তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে শিশুটিকে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।
কোতয়ালী থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) নং-১৩৯৩, তারিখ ২৫ মে ২০২৬-এর ভিত্তিতে নিখোঁজ শিশু উৎপল চাকমা (১১)-কে উদ্ধারে মাঠে নামে পুলিশ। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটিকে রিজার্ভ বাজার এলাকা থেকে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধার হওয়া শিশুর বাড়ি রাঙ্গামাটি সদর উপজেলার উত্তর কালিন্দীপুর এলাকায় বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।