
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুকুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে বড় ভাই ও ভাতিজার হামলায় নুর ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতরা কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নওদা বহলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম ওই গ্রামের ওহাব মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পুকুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে নুর ইসলামের সঙ্গে তার বড় ভাই কালাম মণ্ডলের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধের জেরে কালাম মণ্ডল, তার ভাতিজা জিতুসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে নুর ইসলামের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় সংঘর্ষে আরও তিনজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলাম মারা যান। অন্য আহতরা একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিতু নামে একজনকে আটক করেছে পুলিশ।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।