
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ আল মনসুর নোমান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটকের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চড়াইকোল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল মনসুর নোমান কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল থেকে বৃষ্টির কারণে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কটি পিচ্ছিল হয়ে পড়ে। নোমান মোটরসাইকেলে করে কুষ্টিয়া থেকে কুমারখালীর দিকে ফিরছিলেন। চড়াইকোল রেলগেট এলাকায় পৌঁছে তিনি একটি দ্রুতগতির ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় বৃষ্টির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। সঙ্গে সঙ্গে চলন্ত ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোয় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে নিরাপদ গতিতে যানবাহন চালানো এবং বৃষ্টির সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।