
ভারতের শিরোমণি আকালি দলের (এসএডি) প্রধান ও পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদালের ওপর হামলা হয়েছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নান্দেদের তখত শ্রী হাজুর সাহিব গুরুদ্বারে এ ঘটনা ঘটে।
হামলার পর এক নিহাং শিখকে আটক করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সূত্র জানিয়েছে, কিরপান দিয়ে সুখবীর বাদালকে আক্রমণ করা হয়। হামলার সময় তার নিরাপত্তায় নিয়োজিত এক সদস্যও আহত হয়েছেন। ঘটনার পরপরই বাদালকে দ্রুত নান্দেদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
জানা গেছে, পরিবারের সদস্যদের নিয়ে গুরুদ্বারে প্রার্থনা করতে গিয়েছিলেন বাদাল। প্রার্থনা শেষে সিঁড়ি দিয়ে নামার সময় তার ওপর হামলা হয়। এ সময় তার স্ত্রী ও আকালি দলীয় সংসদ সদস্য হরসিমরত কৌর বাদালও তার সঙ্গে ছিলেন। এ হামলার ঘটনায় জসপাল সিং নামে একজনকে আটক করা হয়েছে।
তিনি একজন নিহাং শিখ (শিখ ধর্মের একটি বিশেষ সশস্ত্র যোদ্ধা) এবং গত দুই বছর ধরে ওই গুরুদ্বারে কাজ করছিলেন বলে সূত্র জানিয়েছে।আকালি দলের সূত্র জানিয়েছে, হামলায় বাদালের হাতে আঘাত লেগেছে, তবে সেটি গুরুতর নয়। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর তার হাতে সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ নান্দেদের পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
এর আগে ২০২৪ সালের ৪ ডিসেম্বর অমৃতসরের স্বর্ণমন্দিরের বাইরে সুখবীর সিং বাদালের ওপর হত্যাচেষ্টার ঘটনা ঘটেছিল। তবে তিনি অক্ষত ছিলেন এবং হামলাকারীকে ঘটনাস্থলেই আটক করা হয়।