August 20, 2026, 4:17 pm

হরমুজ প্রণালি থেকে আমিরাতভিত্তিক ট্যাংকার জব্দ করে ইরানে নিল বিপ্লবী গার্ড

অভয়নগর প্রতিবেদক

হরমুজ প্রণালি থেকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি কোম্পানির ট্যাংকার জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। জব্দের পর জাহাজটিকে ইরানের বন্দর আব্বাসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির বার্তাসংস্থা ফার্স নিউজ। বুধবার (১৯ আগস্ট) রাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালির কেশম দ্বীপের কাছ থেকে জাহাজটি আটক করা হয়। পরে এর গতিপথ পরিবর্তন করে বন্দর আব্বাসের দিকে নেওয়া হয়।
ফার্স নিউজের তথ্য অনুযায়ী, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরের দিকে যাচ্ছিল। তবে ইরানওয়ারের প্রতিবেদনে সামুদ্রিক জাহাজ চলাচলবিষয়ক একটি সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে, বন্দর আব্বাসের দিকে নেওয়া জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী এবং এর মালিকানা ভারতের। বিভিন্ন সূত্রে জাহাজটির মালিকানা ও পরিচয় নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেলেও জাহাজটির নাম প্রকাশ করেনি ফার্স নিউজ। জাহাজ চলাচল-সংক্রান্ত ডাটার তথ্য অনুযায়ী, বন্দর আব্বাসের দিকে যাওয়া ট্যাংকারটির নাম ‘আমারা’। এটি গত ১৭ আগস্ট হরমুজ প্রণালির পূর্ব দিকে প্রবেশ করে এবং ওই সময় এর স্বয়ংক্রিয় শনাক্ত ব্যবস্থা সচল ছিল।
জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ‘আমারা’ হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত রুট অনুসরণ করছিল। পরে জাহাজটিকে আটকে দেওয়া হয়। তবে ঠিক কী কারণে ট্যাংকারটি জব্দ করা হয়েছে, সে বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো বিস্তারিত কারণ জানানো হয়নি। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ‘আমারা’ একটি রাসায়নিক ও তেলজাতীয় পণ্য পরিবহনকারী জাহাজ, যার ধারণক্ষমতা প্রায় ৪৮ হাজার মেট্রিক টন।



ফেসবুক কর্নার