যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলন্ত গাড়িতে স্বামীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তার কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগে অ্যামি আর্লেন বেকার (৪৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৫ আগস্ট ডিয়ারফিল্ড বিচের কাছে ইন্টারস্টেট-৯৫ (আই-৯৫) মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনার সময় গাড়িতে ওই দম্পতির ৭ ও ১ বছর বয়সী দুই শিশুসন্তানও ছিল।
ফ্লোরিডা হাইওয়ে পেট্রোলের (এফএইচপি) তথ্য অনুযায়ী, ফোর্ট লডারডেল পোর্ট মেরিনা এলাকায় একটি নৌকার পার্টি শেষে ওই দম্পতি বিএমডব্লিউ গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। স্বামীর অভিযোগ, ঝগড়ার সময় অ্যামি তাকে গালিগালাজ করেন এবং গাড়ি চালানোর সময় তার গালে চড় মারেন। এর কিছুক্ষণ পর তিনি স্বামীর মাথা চেপে ধরে ডান কানে কামড় দেন। এতে গুরুতর আহত হলে স্বামী দ্রুত গাড়ি চালিয়ে হাসপাতালে যান।
তবে পুলিশের কাছে অ্যামি ভিন্ন বক্তব্য দেন। তিনি জানান, ঘটনার সময় তিনি মদ্যপ ছিলেন। জীবনবিমা ও অন্যান্য বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী তাকে চুপ করতে বলেন এবং চড় মারেন বলে দাবি করেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে স্বামীর কানে কামড় দেন। পরে কানের ছিন্ন অংশটি উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়। পুলিশ হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিকে চিকিৎসাধীন অবস্থায় দেখতে পায়। এ ঘটনায় অ্যামির বিরুদ্ধে গুরুতর আঘাতের একটি এবং শিশুদের সামনে সহিংস আচরণের অভিযোগে শিশু অবহেলার দুটি মামলা করা হয়েছে। ১৮ আগস্ট জামিনে মুক্তি পেলেও মামলার আইনগত কার্যক্রম চলমান রয়েছে।