
চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে দেশের পারিপার্শ্বিক পরিস্থিতি ও অন্যান্য কর্মসূচি বিবেচনায় প্রয়োজনে তফসিল অক্টোবর পর্যন্ত পিছিয়ে যেতে পারে। কমিশনের মূল লক্ষ্য, চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু করা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন এসব তথ্য জানান।
সিইসি বলেন, আসন্ন বিভিন্ন পাবলিক পরীক্ষা, দুর্গাপূজাসহ সামাজিক ও ধর্মীয় উৎসব এবং অন্যান্য জাতীয় কর্মসূচি বিবেচনায় নিয়ে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে হচ্ছে। নভেম্বর মাসে যাতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে কমিশন। পরীক্ষা নভেম্বরের মধ্যে শেষ করা সম্ভব হলে ডিসেম্বর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট আয়োজন করা যেতে পারে। তবে নির্বাচনের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে কমিশনের প্রস্তুতি থাকলেও দেশের বাস্তব পরিস্থিতি ও অন্যান্য রাষ্ট্রীয় কর্মসূচির বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে জানান তিনি। আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা থাকায় সময় নির্ধারণেও সতর্ক থাকতে হচ্ছে কমিশনকে।
রাষ্ট্রপতির সঙ্গে প্রায় ৪০ মিনিটের বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনসহ নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান সিইসি। স্থানীয় সরকার নির্বাচনকে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও সর্বজনগ্রাহ্য করতে রাষ্ট্রপতির সহযোগিতা চাওয়া হয়েছে। জবাবে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। সিইসি জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনেও কমিশন প্রস্তুত রয়েছে। এ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে ইসি। নির্বাচনের প্রয়োজনীয় কেনাকাটা ও অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থাও থাকবে।