জ্বালানি সংকটে শিল্পোৎপাদন ব্যাহত, দ্রব্যমূল্যে বিশৃঙ্খলায় প্রশ্নবিদ্ধ সরকার
আনোয়ার হোসেন
Update Time :
Monday, August 31, 2026
/
31 Time View
/
Share
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জ্বালানি সংকট দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে। এ সংকটের নেতিবাচক প্রভাব শুধু বড় শিল্পে সীমাবদ্ধ নেই; ওষুধ, টেক্সটাইল, সিরামিক, চিনি পরিশোধন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ সেবা খাতেও এর প্রভাব পড়ছে। ব্যবসায়ী সংগঠনগুলোর তথ্য উল্লেখ করে তিনি বলেন, উৎপাদন খাতের প্রবৃদ্ধি আগের বছরের তুলনায় কমে ২ দশমিক ৮৬ শতাংশে দাঁড়িয়েছে। বিভিন্ন স্থানে কারখানা বন্ধ হওয়া ও শ্রমিকদের কর্মহীন হয়ে পড়ার কারণে এর প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ছে।
সোমবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, জ্বালানি খাতের সমস্যার দ্রুত সমাধান সহজ নয়, তবে প্রতিটি সংকট মোকাবিলায় তাৎক্ষণিক, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে এ ধরনের কার্যকর উদ্যোগ ও উদ্বেগ দৃশ্যমান নয় বলে তিনি মন্তব্য করেন। ফলে ব্যবসায়ীদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে এবং বিনিয়োগে স্থবিরতা তৈরি হচ্ছে। তাঁর মতে, সরকারের দায়িত্ব হলো জনগণের সামনে সম্ভাবনার পথ তৈরি করা এবং বিদ্যমান সমস্যার বাস্তবসম্মত সমাধান করা।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও সরকারের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব। তিনি বলেন, বাজেটে বিভিন্ন পণ্যে করছাড় দেওয়া হলেও এর সুফল খুচরা বাজারে প্রতিফলিত হচ্ছে না। চাল, গম, পেঁয়াজ, চিনি, ভোজ্যতেল, মাছ, খেজুর, মসলা, শিশুখাদ্যের কাঁচামাল ও ডায়ালাইসিস ফিল্টারসহ বিভিন্ন পণ্যে কর কমানো হলেও অনেক ক্ষেত্রে দাম কমেনি, বরং বেড়েছে। তিনি বলেন, রাষ্ট্র যেখানে করছাড় দিচ্ছে, তার সুফল যেন সাধারণ মানুষ পায়, সরকারকে তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে কার্যকর বাজার ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।