September 1, 2026, 6:06 am
শিরোনাম :

বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের বৈঠক

মোঃ ইসমাইল হোসেন

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ। সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় আইপিইউ মহাসচিবের সঙ্গে সংস্থাটির প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া ও সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ অ্যাংগোরো উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জাতীয় সংসদকে আরও কার্যকর করা এবং গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে আলোচনা ও সংলাপের কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে মতবিনিময় হয়। বিরোধীদলীয় নেতা সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে বিরোধী দলের ভূমিকা এবং সরকারি ও বিরোধী দলের মধ্যে সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত আলোচনা ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে সংসদীয় কমিটির কার্যকারিতা বৃদ্ধি এবং তরুণ সংসদ সদস্যদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। আইপিইউ মহাসচিব বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সংস্থার পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। এ সময় জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিব মোমেন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান ও কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের আহত চার যোদ্ধা জসীমউদ্দিন খান, কামরুল হাসান, রিফাত হাওলাদার ও জাকির শিকদার বিশেষ অতিথি হিসেবে বৈঠকে যোগ দেন।



ফেসবুক কর্নার