November 19, 2026, 9:28 am
শিরোনাম :

গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও এমপির ক্লিনিকে হামলা-অগ্নিসংযোগ

অভয়নগর প্রতিবেদক

 

গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিক ও কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের একটি শাখায়ও ভাঙচুর চালানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের থানাপাড়া এলাকায় সংসদ সদস্য কে এম বাবরের ক্লিনিকে হামলা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্লিনিকের সামনে জড়ো হয়ে ভাঙচুর চালান। পরে আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেন তারা।

এর আগে বিকেলে কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময় গ্রামীণ ব্যাংকের একটি শাখায়ও ভাঙচুর চালানো হয়। এসব ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কসহ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়। কাশিয়ানীতে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের ম্যানেজার মিলন শেখ জানান, বুধবার দুপুর থেকেই তারা নিজেদের সিদ্ধান্তে বাস চলাচল বন্ধ রেখেছেন। সড়ক অবরোধ ও সার্বিক পরিস্থিতিতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় যাত্রী ও বাসের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান অভিযোগ করেন, নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। নিজের নিরাপত্তার পাশাপাশি জেলা পরিষদ ও ডাকবাংলোর নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অনুরোধ জানালেও আলাদা নিরাপত্তার ব্যবস্থা করা হবে না বলে জানানো হয়েছে। এসব ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বাস চলাচল বন্ধ রাখা এবং বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানান শরীফ রফিকুজ্জামান।



ফেসবুক কর্নার