
সহিংসতা প্রতিরোধে সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের জানমাল রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান জানান তিনি।
গোলাম পরওয়ার জানান, আগামী ২১ নভেম্বর রাজধানীতে ফ্যাসিবাদবিরোধী সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামী। এ ছাড়া ডিসেম্বরজুড়ে সারাদেশে মাসব্যাপী কর্মসূচি পালন করা হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করে একদলীয় শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টায় দেশে রাজনৈতিক বিভেদ তৈরি হয়েছে। এ কারণে ফ্যাসিবাদবিরোধী জনগণ সরকারের ওপর আস্থা রাখতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের চলমান আন্দোলন বাধাগ্রস্ত করতে সরকার নিষিদ্ধ আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ দিচ্ছে। সরকারের ঢিলেঢালা মনোভাবের কারণে দলটির সহিংসতা সারাদেশে ছড়িয়ে পড়ছে বলেও দাবি করেন তিনি। প্রশাসনে থাকা আওয়ামী আমলাদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।