September 1, 2026, 6:05 am
শিরোনাম :

বাবার ভুলের কথা স্বীকার করলেন তাপস পালের মেয়ে সোহিনী

অভয়নগর প্রতিবেদক

পশ্চিমবঙ্গের রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’র নতুন আসরে প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছেন প্রয়াত অভিনেতা তাপস পালের মেয়ে সোহিনী পাল। রোববার রাতে অভিনেতা ও ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম পর্বেই সোহিনীর সঙ্গে তাঁর বাবাকে নিয়ে আলোচনা হয়। জীবনের কঠিন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয়—এ প্রসঙ্গে বাবার কাছ থেকেই অনেক কিছু শিখেছেন বলে জানান তিনি।
শোয়ের মঞ্চে তাপস পালের স্মৃতিচারণা করতে গিয়ে সোহিনী বলেন, তাঁর বাবা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার কথা বলতেন। বাবার জীবনের ভালো কাজগুলোর পাশাপাশি ভুলের বিষয়টিও স্বীকার করেন তিনি। সোহিনীর বক্তব্য অনুযায়ী, তাঁর বাবা জীবনে অনেক ভালো কাজ করেছেন, তবে কিছু ভুলও করেছিলেন এবং সেসবের প্রায়শ্চিত্তও করেছেন। তাঁর এই মন্তব্যে তাপস পালের রাজনৈতিক জীবনের বিতর্কিত অধ্যায়ের প্রতি ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে।
‘বিগ বস বাংলা’র এবারের আসরে সোহিনী পাল ছাড়াও অভিনেতা ভরত কল, মনামী ঘোষ, সংগীতশিল্পী দুর্নিবার সাহা, সাবেক ফুটবলার দীপেন্দু বিশ্বাস, সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার নিরঞ্জন মণ্ডল, অভিনেত্রী সৃজলা গুহসহ আরও কয়েকজন পরিচিত মুখ অংশ নিয়েছেন। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রতিযোগীরা প্রায় তিন মাস বাইরের জগত থেকে বিচ্ছিন্ন থেকে নির্ধারিত বাড়িতে বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রতিযোগিতার মধ্য দিয়ে যাবেন। শেষ পর্যন্ত যিনি টিকে থাকবেন, তাঁর মাথায় উঠবে বিজয়ীর মুকুট।



ফেসবুক কর্নার