October 18, 2026, 1:33 pm

নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

সালেহ আহমেদ স্টার রিপোর্টার্স নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বিভিন্ন ভূমি কার্যালয়ে যথাসময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা এবং অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় আগাম স্বাক্ষর করার অভিযোগে দুই সহকারী কমিশনার (ভূমি)সহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (৩১ আগস্ট) সকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের আকস্মিক পরিদর্শনে এসব অনিয়মের বিষয়টি ধরা পড়ে। পরে সংশ্লিষ্টদের শোকজ করা হয়।
জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জাকিয়া সরওয়ার লিমা বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলা ভূমি কার্যালয়ের ১০ জন, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের ছয়জন এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের দুজন কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করা হয়েছে। পাশাপাশি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমাকেও পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, প্রতিমন্ত্রী কার্যালয় পরিদর্শনে গিয়ে বেশ কয়েকজনকে কর্মস্থলে না পেলেও ৩১ আগস্টের হাজিরা খাতায় তাদের স্বাক্ষর পাওয়া যায়। এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ এবং সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে সকাল ৯টার কয়েক মিনিট আগে খানপুর এলাকায় সদর উপজেলা ভূমি কার্যালয়ে যান প্রতিমন্ত্রী। সেখানে হাজিরা খাতা পর্যালোচনার সময় কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতির বিষয়টি তাঁর নজরে আসে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমা সেখানে উপস্থিত হন। অনিয়মের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন প্রতিমন্ত্রী। শোকজ পাওয়া ব্যক্তিদের তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জেলা প্রশাসক রায়হান কবির জানান, জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার