
কক্সবাজারের রামু উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা চৌমুহনীতে যান চলাচল স্বাভাবিক রাখা ও জনদুর্ভোগ কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে বিভিন্ন মার্কেটের সামনে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় ভূমি কর্মকর্তা স্বরূপ মুহুরীসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রামু উপজেলার ১১টি ইউনিয়নের মানুষ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রয়োজনে চৌমুহনী এলাকায় যাতায়াত করেন। এখানে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পও রয়েছে। গুরুত্বপূর্ণ এ এলাকায় বিভিন্ন মার্কেটের সামনে অবৈধ স্থাপনা নির্মাণ ও জায়গা দখলের কারণে যানবাহন এবং পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। এতে নিয়মিত ভোগান্তিতে পড়ছিলেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন কাজে আসা মানুষ।
জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, সড়কের স্বাভাবিক ব্যবহার বজায় রাখা এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মার্কেটগুলোর সামনে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। গুরুত্বপূর্ণ জনবহুল এলাকাটি দখলমুক্ত রাখতে প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। নিয়মিত অভিযান অব্যাহত থাকলে যানজট কমানো ও পথচারীদের চলাচল সহজ হবে বলে আশা করা হচ্ছে।