
চট্টগ্রামের ফটিকছড়িতে বিআরটিসি বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাইন্দং আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফটিকছড়ি উপজেলার উত্তর পাইন্দং এলাকার বাসিন্দা মুহাম্মদ শাহজাহান (৪৮) ও তাঁর ছেলে মুহাম্মদ আরিফ (১৮)। তারা মোটরসাইকেলে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্র জানায়, বিআরটিসির বাসটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। আমতলী এলাকা অতিক্রমের সময় বাসটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে ঘটনাস্থলেই নিহত হন। একই সময়ে বাসটির সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশারও সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করে আগুন ধরিয়ে দেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক জানান, দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিআরটিসি বাসে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সড়ক থেকে অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার কারণ এবং এতে সংশ্লিষ্ট যানবাহনগুলোর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।