September 3, 2026, 4:53 am

পঞ্চগড়ে ভারতে অনুপ্রবেশের সময় চার রোহিঙ্গা আটক

মইনুল ইসলাম

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার সাতমেরা ইউনিয়নের টিয়াপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের আওতাধীন মাগুরমারী বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৭৪২/৭-এস মেইন পিলার বরাবর বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—এনায়েতুল্লাহ (২৭), তাঁর স্ত্রী মোছা. জাইনুব বিবি (২১), এনামুল হাসান (২৩) এবং তাঁর স্ত্রী মোছা. নুর কলিমা (২০)। বিজিবি জানিয়েছে, এনায়েতুল্লাহ ও জাইনুব বিবি কক্সবাজারের ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। অপরদিকে এনামুল হাসান ও নুর কলিমা কক্সবাজারের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। অভিযানের পর চারজনকে মাগুরমারী বিওপির হেফাজতে নেওয়া হয়।
বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। আটক চারজনের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। পরবর্তী সময়ে তাদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দালালচক্রের মাধ্যমে তারা কীভাবে সীমান্ত এলাকায় পৌঁছেছেন এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



ফেসবুক কর্নার