September 3, 2026, 5:08 am

গোয়ালঘর থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

হাফিজুর রহমান

 

এক কৃষকের হাঁস-মুরগির খোয়াড় থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বুড়িগোয়ালিনী গ্রামের মুক্তার গাজীর বসতবাড়ির খোয়াড়ে অজগরটি দেখতে পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, সুন্দরবন থেকে অজগরটি লোকালয়ে চলে এসে খোয়াড়ে ঢুকে পড়ে। সেখানে থাকা ছয়টি হাঁস-মুরগি সাপটি খেয়ে ফেলেছে বলে জানান বাড়ির মালিক।
মুক্তার গাজী জানান, সকালে তাঁর স্ত্রী প্রতিদিনের মতো খোয়াড়ের দরজা খুলে হাঁস-মুরগি বের করতে যান। এ সময় প্রথমে একটি মৃত মুরগি দেখতে পান। পরে খোয়াড়ের ভেতরে বিশাল আকৃতির অজগরটিকে কুণ্ডলী পাকিয়ে থাকতে দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং একপর্যায়ে সংজ্ঞা হারান। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে এবং দ্রুত স্থানীয় সিপিজি সদস্যদের খবর দেন। পরে সিপিজি সদস্যরা বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে বিষয়টি জানান। খবর পেয়ে ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে সতর্কতার সঙ্গে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটিকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অজগরটিকে সুন্দরবনের গভীর অরণ্যে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হচ্ছে, যাতে এটি নিরাপদে বেঁচে থাকতে পারে। তিনি বলেন, লোকালয়ে কোনো বন্যপ্রাণী চলে এলে সেটিকে হত্যা বা আঘাত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়া উচিত। বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন তিনি।



ফেসবুক কর্নার