
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক দুটি ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার উলুকান্দি পশ্চিমপাড়া ও সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা পূর্বপাড়া এলাকায় ঘটনা দুটি ঘটে। পুলিশ জানিয়েছে, পৃথক দুই ঘটনার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
নিহতদের একজন ঐশী পোদ্দার (১৯)। তিনি উলুকান্দি গ্রামের শান্ত রায়ের স্ত্রী এবং শংকর পোদ্দারের মেয়ে। সকাল ৭টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির একটি কক্ষে ঐশীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ঐশীর স্বজনদের অভিযোগ, তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ঐশীর বিয়ে হয়েছিল। তবে স্বজনদের এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
অন্যদিকে, সকাল ৬টার দিকে সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা পূর্বপাড়া এলাকার একটি বসতঘর থেকে ঝর্ণা (৩০) নামে আরেক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল আলীর মেয়ে এবং নাদিমের স্ত্রী। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক তথ্যে পৃথক দুই ঘটনায় পারিবারিক বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে মৃত্যুর পেছনে আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত নয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, পৃথক ঘটনায় পুলিশ আইনগত প্রক্রিয়া শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।