September 3, 2026, 4:55 am

দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পর আলো রানীর পাশে প্রশাসন

আলামিন ধামরাই ঢাকা
Screenshot

ঢাকার ধামরাইয়ে আট সন্তানের মা বৃদ্ধা আলো রানী সাহার মানবেতর জীবনযাপনের খবর প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে নিরাপদ ঘর ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসংকটে কষ্টে দিন কাটাচ্ছিলেন তিনি। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে ধামরাই উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন সরেজমিনে আলো রানী সাহার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং দুর্দশার কথা শুনে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেন।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলো রানী সাহাকে খাদ্যসামগ্রী, টিন ও নগদ ৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। ইউএনও মো. আল মামুন বলেন, প্রকাশিত সংবাদটি তাদের নজরে আসার পর বিষয়টি জানতে তিনি সরেজমিনে আসেন। সেখানে এসে আলো রানী সাহাকে অত্যন্ত কষ্টে জীবনযাপন করতে দেখেন। এ কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার জন্য খাদ্যসামগ্রী, টিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। প্রশাসনের সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আলো রানী সাহা।

আলো রানী সাহা বলেন, দীর্ঘদিন ধরে তিনি অনেক কষ্টে দিন কাটাচ্ছিলেন। চাল কেনার জন্য যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ প্রশাসনের লোকজন বাড়িতে এসে খাবার ও নগদ টাকা দিয়ে যান। এতে তিনি উপজেলা প্রশাসন ও সংবাদমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, অসহায় বৃদ্ধার দুর্দশার খবর প্রকাশের পর দ্রুত প্রশাসন তার পাশে দাঁড়ানোয় তারা সন্তুষ্ট। একই সঙ্গে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা।



ফেসবুক কর্নার