September 3, 2026, 4:38 am

কমলো এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৫৮৫ টাকা

মোঃ ইসমাইল হোসেন

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি কেজি এলপিজির দাম ১ টাকা ৩ পয়সা কমানো হয়েছে। ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন এ সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। জুলাইয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। আগস্টে ৭০ টাকা বাড়ার পর সেপ্টেম্বরে ১৩ টাকা কমানো হলেও জুলাইয়ের তুলনায় এখনো ৫৭ টাকা বেশি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের।
বিইআরসি জানিয়েছে, সেপ্টেম্বর মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী গড় সৌদি সিপি দাঁড়িয়েছে প্রতি মেট্রিক টন ৬৪৭ দশমিক ৭৫ ডলার। এর সঙ্গে জাহাজভাড়া, ব্যবসায়ীদের প্রিমিয়াম এবং প্রতি ডলারের গড় বিনিময় হার ১২৩ টাকা ৩০ পয়সা বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডার ৭২৭ টাকা, ১২ দশমিক ৫ কেজি ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা এবং ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২২ কেজি ২ হাজার ৯০৭, ২৫ কেজি ৩ হাজার ৩০৩, ৩০ কেজি ৩ হাজার ৯৬৪, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা করা হয়েছে।
এ ছাড়া গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম কমিয়ে প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। রেটিকুলেটেড এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১২৮ টাকা ৩৭ পয়সা। তবে সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম আগের মতো ৭৭৬ টাকা ৯৩ পয়সা রয়েছে। ২০২১ সালের এপ্রিল থেকে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম এবং ডলারের বিনিময় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে কমিশন জানিয়েছে, মজুত, বোতলজাতকরণ, পরিবেশক কিংবা খুচরা পর্যায়ে কোনো অবস্থাতেই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া যাবে না।



ফেসবুক কর্নার