
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গ্রেপ্তারের পর হ্যান্ডকাফ পরা এক মামলার আসামিকে পুলিশের কাছ থেকে স্বজনরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোদরতপী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সিএনজিযোগে ওই গ্রামে অভিযান চালায়। অভিযানকালে একটি মামলার আসামি মো. আশিক মিয়াকে একটি দোকান থেকে গ্রেপ্তার করা হয়। আশিক মিয়া দামোদরতপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আশিক মিয়াকে গ্রেপ্তারের পর হ্যান্ডকাফ পরিয়ে সিএনজিতে তোলার সময় কয়েকজন স্বজন ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা হ্যান্ডকাফ পরা অবস্থায় আশিক মিয়াকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি উল্ল্যাহসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। তবে পুলিশ পৌঁছানোর আগেই আশিক মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে আটক করতে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ।
শান্তিগঞ্জ থানার ওসি ওলি উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার করা মামলার আসামি আশিক মিয়া হ্যান্ডকাফসহ পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে। তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তে সংশ্লিষ্টদের পরিচয় নিশ্চিত হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ পরা আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।