September 5, 2026, 6:13 am

ভোলা-ঢাকা নৌপথে সরকারি ফেরি চলাচলের সিদ্ধান্ত

জাকির হোসেন ভ্রাম্যমাণ প্রতিনিধি পটুয়াখালী

দীর্ঘদিনের দাবির পর ভোলা-ঢাকা নৌপথে সরাসরি সরকারি ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। পরীক্ষামূলক যাত্রা সফলভাবে সম্পন্ন হওয়ার পর এ রুটে নিয়মিত ফেরি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ভোলার ইলিশা নৌবন্দর ঘাট থেকে ‘বেগম রোকেয়া’ নামের ফেরি ১৩টি পণ্যবাহী ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে। একই সময়ে ঢাকা থেকে ভোলার উদ্দেশে ‘সুফিয়া কামাল’ নামের আরেকটি ফেরি ছেড়ে আসে। এর মধ্য দিয়ে বিআইডব্লিউটিসির নিজস্ব ব্যবস্থাপনায় ভোলা-ঢাকা নৌপথে সরাসরি ফেরি চলাচলের কার্যক্রম শুরু হয়।
পরীক্ষামূলক যাত্রার পর নৌপথটির বিভিন্ন দিক পর্যালোচনা করেছে বিআইডব্লিউটিসি। সংস্থাটির কর্মকর্তারা জানান, পরীক্ষামূলক চলাচলের সময় নৌপথের নাব্যতা, দূরত্ব, যাত্রায় প্রয়োজনীয় সময় এবং ঢাকায় ফেরি ভেড়ানোর সুবিধাজনক ঘাটসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়েছে। বিআইডব্লিউটিসির ডিজিএম মুহাম্মদ তানভীর হোসেন জানান, তাঁর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পরীক্ষামূলক ফেরিযাত্রায় অংশ নেয়। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ‘বেগম রোকেয়া’ ইলিশা নৌবন্দর ঘাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। তিনি বলেন, এক সপ্তাহের পরীক্ষামূলক চলাচল শেষে রুটসংক্রান্ত বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। পাশাপাশি ফেরিতে পরিবহন করা যানবাহনের সম্ভাব্য ভাড়াও নির্ধারণ করেছে সংশ্লিষ্ট কমিটি।
বিআইডব্লিউটিসি ভোলা অঞ্চলের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. কাওসার আহমেদ জানান, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নিয়মিত ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য নতুন ফেরি প্রস্তুত করা হয়েছে এবং ঘাট পরিদর্শন, রুটের দূরত্ব ও যাত্রার সময় নির্ধারণের কাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষামূলক চলাচল শেষ হওয়ার পর রাজধানীর বাংলামোটরে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ইলিশা থেকে ঢাকার কাঁচপুর পর্যন্ত ফেরি চলাচলের রুট নির্ধারণ করা হয়। ‘বেগম রোকেয়া’ ফেরির ইনচার্জ মাস্টার মো. মোসাহেদুল ইসলাম বলেন, নির্ধারিত রুটে ভোলা থেকে ঢাকায় পৌঁছাতে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগছে। নিয়মিত সার্ভিস চালু হলে এ নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনে নতুন সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।



ফেসবুক কর্নার