September 5, 2026, 6:48 am

ফতুল্লায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে তিনজন গ্রেপ্তার

সালেহ আহমেদ স্টার রিপোর্টার্স নারায়ণগঞ্জ
Oplus_131072

নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্র ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতের এ ঘটনায় ফতুল্লার ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ জানায়, রাত ৩টার দিকে বিসমিল্লাহ টাওয়ারের সামনে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিচ্ছেন—এমন খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে বক্তব্যে অসংগতি পাওয়া যায়। পুলিশ পরিচয়পত্র দেখতে চাইলে তারা বৈধ কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। এরপর তাদের তল্লাশি চালিয়ে ডিজিএফআইয়ের নামে তৈরি ভুয়া পরিচয়পত্র ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বজর গ্রামের নুরুল ইসলামের ছেলে রায়হান মাহাবুব আলম (৩৬), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় রহিম মার্কেট এলাকার মৃত দুলাল গাজীর ছেলে মোহাম্মদ সাদ্দাম গাজী (৩০) এবং ফতুল্লার ভূইঘর পূর্বপাড়া এলাকার আ. ছালাম হোসেনের ছেলে নাসির হোসেন (৩৫)।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, ভুয়া ডিজিএফআই পরিচয় দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা কী উদ্দেশ্যে গোয়েন্দা সংস্থার পরিচয় ব্যবহার করছিলেন এবং তাদের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ভুয়া পরিচয়পত্র ও ওয়াকিটকি ব্যবহারের পেছনে কোনো সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার