চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনির একটি বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া (৫২) নামে এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৌসুমী হিজড়া সম্প্রদায়ের একটি অংশের কাছে ‘গুরুমা’ হিসেবে পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ওই কলোনিতে একা বসবাস করতেন এবং একটি দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের দেখাশোনা করতেন। তার বাসায় থাকা টাকা ও ব্যবহৃত দুটি মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে প্রতিবেশীদের সঙ্গে কথা বলার পর নিজ কক্ষে ঘুমাতে যান মৌসুমী। পরদিন সকালে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে পরিচিতরা ভেতরে প্রবেশ করে তাকে বিছানায় নিথর অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে, তা শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি বাসা থেকে টাকা ও মোবাইল ফোন না পাওয়ার বিষয়টিও তদন্তের আওতায় নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।