
নারায়ণগঞ্জে অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার সাতটি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ জানায়, মাদক কারবারি ও মাদকসেবী, কিশোর গ্যাং এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযানটি পরিচালনা করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, নবাগত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অভিযানে সরাসরি দায়িত্ব পালন করেন। জেলার সাত থানার অফিসার ইনচার্জ (ওসি) ছাড়াও বিপুলসংখ্যক পুলিশ সদস্য এতে অংশ নেন। পাশাপাশি সাতজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন সহকারী পুলিশ সুপার মাঠপর্যায়ে অভিযান তদারক করেন। সংশ্লিষ্ট থানাগুলোর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ও অপরাধে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ১২২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের রোববার (৬ সেপ্টেম্বর) আদালতে পাঠানোর কথা রয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে। নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তুলতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।