September 6, 2026, 12:34 pm

লংমার্চে জ্বালানি অপচয় নয়, আত্মমূল্যায়নের পরামর্শ

নাঈম বিশ্বাস, কুমারখালি (কুষ্টিয়া) প্রতিনিধি

বিরোধী দলের লংমার্চ কর্মসূচির নামে জ্বালানি অপচয় ও জনদুর্ভোগ সৃষ্টি না করে গত ছয় মাসের রাজনৈতিক কর্মকাণ্ডের আত্মমূল্যায়ন করা উচিত বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণসভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি খোকসা থানা পরিদর্শন করেন এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন। প্রতিমন্ত্রী বলেন, লংমার্চ কর্মসূচি জনগণের অপ্রয়োজনীয় ভোগান্তি বাড়ানোর পাশাপাশি জাতীয় সম্পদের ক্ষতি করতে পারে।
লংমার্চের সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, শুরুতে জ্বালানি সংকটের কথা উল্লেখ করে কর্মসূচি দেওয়া হলেও হিসাব অনুযায়ী এতে বিপুল পরিমাণ জ্বালানি তেল ব্যয় হবে। পরে কর্মসূচির উদ্দেশ্য হিসেবে গণরায়ের বাস্তবায়নের কথা বলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। দ্বিতীয় শপথের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী দাবি করেন, সংবিধান ও আইন অনুযায়ী এমপি হিসেবে শপথ নেওয়ার পর পরবর্তীতে দেওয়া একটি আলাদা কাগজে শপথ গ্রহণের বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এ বিষয়ে বিতর্কে না গিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমেই দেশ সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, সংবিধান সংশোধনী কমিটিতে বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হলেও তারা এখনো এতে অংশ নেয়নি।
দিনের শুরুতে প্রতিমন্ত্রী খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে খোকসা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠান শেষে এতিম ও কোরআনের হাফেজদের মধ্যে পবিত্র কোরআন শরিফ এবং বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি ওসমানপুর ইউনিয়নের একটি সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার