September 6, 2026, 12:36 pm

লংমার্চে তেল অপচয় অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে হাজার হাজার লিটার তেল ব্যয় করে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি আয়োজন করা অযৌক্তিক। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এতদিন ‘জান্নাতের টিকিট’ বিক্রি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন তারা তেল, বিদ্যুৎ ও সারসহ বিভিন্ন সংকটের কথা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় তিনি বলেন, জাতীয় সম্পদের অপচয় না করে বিদ্যমান সংকট মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। তবে বিরোধী জোটের এসব বক্তব্য ও কর্মসূচি নিয়ে তাদের পক্ষের কোনো বক্তব্য অনুষ্ঠানে পাওয়া যায়নি।
অনুষ্ঠানে দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী। পাশাপাশি পানিতে ডুবে অপমৃত্যু রোধে শিশুদের সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সাঁতার প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার