
গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত ও অন্তত ২৩ জন আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সালিনাবক্সা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের (ঢাকা মেট্রো-ব-১৫-৯০৩৭) বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনার পর ১৭ জন আহত যাত্রী সেখানে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত এক যাত্রী আব্দুল্লাহ জানান, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তাঁর দাবি, চালকের অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং অন্যরা আহত হন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দুর্ঘটনায় তিনজন নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।