
জাতীয় সংসদে দেশে শিশু নিখোঁজের ঘটনা বাড়ার বিষয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি দাবি করেন, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে দেশজুড়ে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হয়েছে। তাঁদের মধ্যে দুই হাজারের বেশি শিশুর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি বলেও সংসদে তথ্য তুলে ধরেন তিনি। রোববার (৬ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন রুমিন ফারহানা।
রুমিন ফারহানা বলেন, আইনি সংজ্ঞায় সরকারি কোনো বাহিনী বা তাদের অনুমোদন-সমর্থনে কাউকে বেআইনিভাবে আটক করাকে গুম বলা হয়। সে বিবেচনায় শিশু নিখোঁজের ঘটনাকে সরাসরি গুমের আইনি সংজ্ঞার মধ্যে ফেলা যায় না। তবে বিপুলসংখ্যক শিশুর নিখোঁজ হওয়া মানবিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত উদ্বেগজনক। তিনি নিখোঁজ শিশুদের স্বজনদের দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, সন্তান হারানো পরিবারগুলো সন্তানদের ফিরে পাওয়ার দাবিতে সভা-সমাবেশ করছে। এসব ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
সংসদ সদস্য রুমিন ফারহানা আশঙ্কা প্রকাশ করে বলেন, নিখোঁজ শিশুদের কেউ আন্তর্জাতিক পাচারকারী চক্রের শিকার হচ্ছে কি না কিংবা কোনো অপরাধী গোষ্ঠীর হাতে পড়ছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা দরকার। তিনি বলেন, সন্তান হারানোর পর স্বজনরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরলেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমাধান পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। প্রতিটি নিখোঁজ শিশুর অবস্থান শনাক্ত করে দ্রুত উদ্ধার এবং নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিশু নিখোঁজের পেছনে কোনো সংঘবদ্ধ চক্র বা সিন্ডিকেট জড়িত কি না, তা অনুসন্ধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ তদন্ত দল গঠন ও কার্যকর অভিযান পরিচালনার দাবি জানান রুমিন ফারহানা।