October 22, 2026, 7:34 am
শিরোনাম :

মতপ্রকাশের স্বাধীনতা রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: তথ্যমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

 

মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ নিয়ন্ত্রণের পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। বুধবার (২১ অক্টোবর) রাতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, সাইবার নিরাপত্তা আইনসহ প্রাসঙ্গিক আইনি কাঠামোর মাধ্যমে মানুষের সুরক্ষা ও ভুয়া সংবাদ নিয়ন্ত্রণে কাজ চলছে।

আন্দালিব রহমান পার্থ বলেন, ফেক নিউজ, প্রেক্ষাপটবিহীন সংবাদ ও বিকৃত তথ্য নিয়ন্ত্রণ করা শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের জন্যই একটি চ্যালেঞ্জ। এ বিষয়ে বিভিন্ন অংশীজন ও সংবাদমাধ্যমের মালিকদের সঙ্গে আলোচনা চলছে। আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদ নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এ বিষয়ে একটি পরিণত অবস্থানে পৌঁছানো সম্ভব হবে।

ধর্মীয় সম্প্রীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার সহমত ও সহাবস্থানে বিশ্বাস করে। সব ধর্মের মানুষ যেন পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ সময় তিনি ভোলার বিকাশ মজুমদার বাড়ি, অনুজকাহালী লেন, মদনমোহন মন্দির, ওয়েস্টার্ন পাড়ার শতদল বিকাশ ক্লাবসংলগ্ন পূজামণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ি, লক্ষ্মীগোবিন্দ মন্দির, বাপ্পা মহাজনের পোল, বাপ্তা শক্তি সংঘ ও সার্কুলার রোডের পূজামণ্ডপ পরিদর্শন করেন।



ফেসবুক কর্নার