September 7, 2026, 12:13 pm

গেজেটের দোহাইয়ে জ্বালানি তেলে বাড়তি দাম, ক্ষোভ

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বিভিন্ন ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল, পেট্রল ও অকটেন বিক্রির অভিযোগ উঠেছে। ক্রেতাদের অভিযোগ, পরিবহন খরচের কথা বলে লিটারপ্রতি ৬৮ পয়সা থেকে সর্বোচ্চ ১ টাকা ১০ পয়সা পর্যন্ত অতিরিক্ত নেওয়া হচ্ছে। এ নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। পঞ্চগড় জেলায় ২৩টি ফিলিং স্টেশনের পাশাপাশি বিভিন্ন হাটবাজারে ছোট আকারের তেল বিক্রয়কেন্দ্র রয়েছে। অভিযোগ রয়েছে, দূরত্বভেদে সরকার নির্ধারিত মূল্যের সঙ্গে পরিবহন খরচ যোগ করে এসব কেন্দ্রে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে।
ক্রেতাদের দাবি, পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে প্রতি লিটার জ্বালানি তেলে অতিরিক্ত ৬৮ পয়সা এবং তেঁতুলিয়া উপজেলার স্টেশনগুলোতে সর্বোচ্চ ১ টাকা ১০ পয়সা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। সম্প্রতি তেঁতুলিয়ার একটি ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বিষয়টি নজরে আসে স্থানীয় ক্রেতা মুস্তাক আহমেদের। পাম্পের মনিটরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম দেখতে পেয়ে তিনি ম্যানেজারের কাছে কারণ জানতে চান। তবে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় পরে পঞ্চগড় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। মুস্তাক আহমেদের দাবি, গেজেটের কথা বলে দীর্ঘদিন ধরে অতিরিক্ত অর্থ নেওয়া হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অতিরিক্ত অর্থ ফেরতের উদ্যোগ নেওয়া উচিত।
তবে ফিলিং স্টেশন মালিকদের সংগঠনের নেতারা বলছেন, সরকারি গেজেট অনুসরণ করেই দূরত্বভেদে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রংপুর অঞ্চলের যুগ্ম আহ্বায়ক আবু হিরন জানান, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর জারি করা গেজেট অনুযায়ী পরিবহন খরচ যুক্ত করা হচ্ছে এবং রংপুর বিভাগের প্রায় সব ফিলিং স্টেশনেই একই নিয়ম অনুসরণ করা হচ্ছে। গেজেট অনুযায়ী, ৯ হাজার লিটার ধারণক্ষমতার ট্যাংকলরির জন্য নির্দিষ্ট হারে পরিবহন ভাড়া দেওয়ার বিধান রয়েছে। তবে এ খরচ শেষ পর্যন্ত ক্রেতা, বিক্রেতা নাকি সরকার বহন করবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। পঞ্চগড় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম-উদ-দৌলা বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে। মালিক সমিতির নেতাদের ডাকা হয়েছে; অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার