September 10, 2026, 10:40 am

ফেরিতে আগুন, নিহত ৫ নিখোঁজ ৮৭

অভয়নগর প্রতিবেদক

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের পর্যটনকেন্দ্র করনের কাছে একটি ফেরিতে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮৭ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড। বুধবার সন্ধ্যায় উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দূরে এম/ভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। আগুন লাগার পর ফেরিটির পুড়ে যাওয়ার দৃশ্য ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিপাইন কোস্ট গার্ড। দুর্ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, ফেরিটি ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রু সদস্য নিয়ে ম্যানিলা থেকে করনের উদ্দেশে যাত্রা করেছিল। বৃহস্পতিবার কোস্ট গার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব জানান, যাত্রী ও ক্রুদের তালিকায় মোট ১৩৪ জনের নাম ছিল। তাদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে চারজন ক্রু সদস্য ও ৩৮ জন যাত্রী রয়েছেন। তবে এখনো ৮৭ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর উদ্ধার হওয়া ব্যক্তিদের অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের কেউই বর্তমানে কথা বলার মতো অবস্থায় নেই। ফলে ফেরিতে আগুন লাগার কারণ এবং দুর্ঘটনার সময় যাত্রীরা কোথায় ছিলেন, সে বিষয়ে তথ্য সংগ্রহে সমস্যার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারী ও তদন্ত সংশ্লিষ্টদের। নিখোঁজদের সন্ধানে সমুদ্র এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানতে তদন্ত চালানো হচ্ছে। কোস্ট গার্ড জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।



ফেসবুক কর্নার