
ব্রাজিলের আমাজন জঙ্গলে বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠী আওয়ার প্রায় ২০ সদস্যের সঙ্গে সরকারি একটি দলের বিরল সাক্ষাৎ হয়েছে। সোমবার উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও রাজ্যে তারা খাবার চান। যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল মঙ্গলবার এ ঘটনার কয়েকটি ছবি প্রকাশ করে একে ঐতিহাসিক সাক্ষাৎ বলে বর্ণনা করেছে। সংগঠনটির দাবি, অবৈধ কাঠপাচারকারী ও শিকারিদের কারণে গোষ্ঠীটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।
ব্রাজিলের আদিবাসীবিষয়ক সংস্থা ফুনাই জানিয়েছে, উত্তর-পশ্চিম মারানহাওয়ের আওয়া জনগোষ্ঠীর একটি অংশ এখনো স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করছে। আরারিবোইয়া আদিবাসী এলাকার একটি গ্রামের সঙ্গে তাদের যোগাযোগের ভিডিও ও খবর পর্যালোচনা করছে সংস্থাটি। তবে সরকারি নীতি অনুযায়ী, বিচ্ছিন্ন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে না। দেশটির আদিবাসীবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি চেকপোস্ট ও গুয়াজাজারা আদিবাসীদের তাওয়ারি গ্রামের কাছে এ সাক্ষাৎ ঘটে। সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বহিরাগতদের অনুপ্রবেশে আওয়া জনগোষ্ঠী চরম চাপের মুখে রয়েছে।
মারানহাওয়ের আদিবাসী সংগঠন কোয়াপিমা সতর্ক করে বলেছে, অপরিকল্পিত যোগাযোগের ফলে বিচ্ছিন্ন জনগোষ্ঠীগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। সাম্প্রতিক দশকগুলোতে অবৈধ খনি শ্রমিক, কাঠুরে ও খামার মালিকদের আগ্রাসনে আমাজনের বিচ্ছিন্ন আদিবাসীরা হুমকির মুখে পড়েছে। এর আগে কলম্বিয়ায় ১৯৮০-এর দশকে বহিরাগতদের সঙ্গে যোগাযোগের পর রোগে আক্রান্ত হয়ে বিচ্ছিন্ন নুকাক জনগোষ্ঠীর প্রায় ৪০ শতাংশ মানুষের মৃত্যু হয়েছিল।