
নতুন মজুরি ঘোষণা যেদিনই আসুক, আগামী ১ ডিসেম্বর থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা। এ তথ্য জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পোশাক খাতের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সৈয়দ আজাদ সুবহানী বলেন, আইন অনুযায়ী মজুরি বোর্ড গঠনের পর নতুন মজুরি নির্ধারণে ছয় মাস সময় দেওয়া হয়। তবে পোশাক খাতের চলমান পরিস্থিতি বিবেচনায় দ্রুত মজুরি নির্ধারণের সিদ্ধান্তে পৌঁছাতে চায় বোর্ড। দেশের স্থিতিশীলতা যেন বিঘ্নিত না হয়, সে বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, মজুরি বোর্ডের তৃতীয় সভার আগে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে শ্রমিকদের জীবনযাত্রার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে। মালিক ও শ্রমিক উভয় পক্ষের বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন মজুরি নির্ধারণ করা হবে। সভা সাত দিন পিছিয়ে দেওয়ায় শ্রমিকদের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বচ্ছতা নিশ্চিত করা এবং বোর্ডের একজন সদস্য অসুস্থ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ বা চাপ নেই।