
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পক্ষে যুক্তরাষ্ট্রের মাত্র ৩১ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন। যুদ্ধের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মার্কিন জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে। রয়টার্স ও ইপসোসের এক নতুন জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থনও কমে ৩২ শতাংশে দাঁড়িয়েছে, যা তাঁর প্রেসিডেন্সির সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি।
এর আগে গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ট্রাম্পের জনসমর্থন ৩১ শতাংশে নেমে এসেছিল, যা ছিল তাঁর প্রেসিডেন্সির সর্বনিম্ন রেকর্ড। জরিপের ফলাফলে দেখা গেছে, ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব ও ক্রমবর্ধমান ব্যয় মার্কিন জনগণের মধ্যে অসন্তোষ বাড়াচ্ছে। যুদ্ধের প্রতি সীমিত সমর্থনের পাশাপাশি ট্রাম্পের জনসমর্থনও নিম্নমুখী রয়েছে।
এদিকে, ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেবে না বলে আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানকে ঘিরে মার্কিন সামরিক অভিযান ১০ বা ১৫ বছর, এমনকি দুই বছরও চলবে না। ইরানের পারমাণবিক কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি উল্লেখ করে তিনি বলেন, এ হুমকি মোকাবিলায় ওয়াশিংটন দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াতে চায় না। প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতি থেকে যুক্তরাষ্ট্রকে ভালো ফলাফল নিয়ে বের করে আনবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।