September 10, 2026, 3:40 pm

দেশের নিরাপত্তায় র‍্যাবের মতো সংগঠন প্রয়োজন: বাবর

মোঃ ইসমাইল হোসেন

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার স্বার্থে র‍্যাবের মতো একটি সংগঠন অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান রহমান বাবর। এ ধরনের বাহিনীর কার্যক্রম দক্ষতা, শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বিরোধীদলীয় সদস্যদের বক্তব্যের প্রসঙ্গ তুলে বাবর বলেন, তারা মূলত বিগত ১৫ বছরের শাসনামলের বিষয়গুলো সামনে রাখছেন। তবে এর আগের সরকারের সময়ে ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার পর সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় র‍্যাবের ভূমিকার কথাও স্মরণ করা প্রয়োজন। তিনি দাবি করেন, ওই সময় র‍্যাবকে রাজনৈতিকভাবে পরিচালনা করা হয়নি। র‍্যাব পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনার সময় র‍্যাব পরিবর্তনের কথা উঠেছিল। তখন তিনি পরিবর্তনের বিষয়ে দ্বিমত পোষণ করেছিলেন। তবে র‍্যাবের মতো একটি সংগঠন প্রয়োজন বলে তিনি মনে করেন। তার ভাষ্য, দেশে এখনো বিভিন্ন ধরনের বোমা হামলার ঘটনা ঘটছে এবং প্রতিবেশী কোনো কোনো দেশ বিভিন্ন প্রক্রিয়ায় তৎপরতা চালিয়ে যাচ্ছে।
র‍্যাবের পরিবর্তে এসআরবি গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে বাবর বলেন, দেশের জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে এ ধরনের একটি সংগঠন প্রয়োজন হতে পারে। তিনি বিরোধীদলীয় নেতাদের আশ্বস্ত করে বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এসআরবি গঠনের প্রয়োজনীয়তার বিষয়ে আশ্বস্ত করেছেন। রাষ্ট্রের নিরাপত্তার গভীরতার স্বার্থে অনেক বিষয় তিনি প্রকাশ্যে বলতে পারছেন না বলেও উল্লেখ করেন। বিরোধীদলীয় সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপাতত বিলটি অনুমোদনের সুযোগ দেওয়া যেতে পারে এবং পরবর্তী সময়ে কোনো সংশোধনের প্রয়োজন হলে স্বরাষ্ট্রমন্ত্রী তা মূল্যায়ন করবেন।



ফেসবুক কর্নার