September 10, 2026, 5:03 pm

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর

অভয়নগর প্রতিবেদক

শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহের মাথায় এ তফসিল ঘোষণা করা হলো। এদিন আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের সভায় উপনির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।
তফসিল চূড়ান্ত হওয়ার পর নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের নির্বাচনের সময়সূচি জানান। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর। এরপর ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব প্রস্তুতি শেষে ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ঘোষিত তফসিল অনুযায়ী উপনির্বাচনের পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহারের নির্ধারিত সময় পার হওয়ার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এরপর নির্বাচনী প্রচার-প্রচারণা শেষে নির্ধারিত দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শূন্য আসনটিতে উপনির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তফসিল ঘোষণার মধ্য দিয়ে ভোট আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।



ফেসবুক কর্নার