
ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, বাংলাদেশকে যে প্রক্রিয়ায় সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে ঢাকা সন্তুষ্ট নয়। তবে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফরের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। এর মধ্য দিয়ে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে গত কয়েকদিন ধরে চলা অনিশ্চয়তার অবসান হয়েছে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক ভারত। বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল দিল্লি। তবে শেষ পর্যন্ত সেই আমন্ত্রণে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফলে সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ব্রিকস সফর নিয়ে গত কয়েকদিন ধরে নানা আলোচনা চলছিল। ভারতের পক্ষ থেকেও কয়েক দফায় বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে তাদের কাছে নতুন কোনো নিশ্চিত তথ্য নেই। এর মধ্যেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সম্মেলনে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি একই সঙ্গে জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একটি সফর হতে পারে। তবে সেই সফরের সময়সূচি বা বিস্তারিত কর্মসূচি এখনো জানানো হয়নি।