September 12, 2026, 5:46 pm

ব্রিকস সিদ্ধান্ত বাস্তবায়নে ‘ট্রইকা’ চান মোদি

অভয়নগর প্রতিবেদক

ব্রিকসের সিদ্ধান্ত ও উদ্যোগগুলোর ধারাবাহিক বাস্তবায়ন নিশ্চিত করতে ‘ট্রইকা’ ব্যবস্থা এবং নিরাপদ ডিজিটাল তথ্যভাণ্ডার গঠনের প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনে তিনি বলেন, প্রতিবছর সভাপতিত্ব বদল হলেও জোটটির প্রাতিষ্ঠানিক কার্যক্রমের গতি যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে কার্যকর অনুসরণ ব্যবস্থা প্রয়োজন। ২০২৬ সালে ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মোদি বলেন, আগামী ২০ বছর ব্রিকসকে নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে হবে। এ জন্য জোটের অভ্যন্তরীণ কার্যপ্রণালীতেও প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি।
প্রস্তাবিত ‘ট্রইকা’ ব্যবস্থায় আগের, বর্তমান ও পরবর্তী সভাপতিত্বকারী দেশ সমন্বিতভাবে কাজ করবে। এর মাধ্যমে ব্রিকসের বিভিন্ন উদ্যোগ ও সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। পাশাপাশি একটি নিরাপদ ডিজিটাল তথ্যভাণ্ডারে প্রতিটি সিদ্ধান্তের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান, বাস্তবায়নের সময়সীমা এবং অগ্রগতির তথ্য সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন মোদি। বৈশ্বিক শাসনব্যবস্থায় সংস্কারের আহ্বান জানিয়ে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারে আর বিলম্ব না করার ওপর জোর দেন। একই সঙ্গে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভোটাধিকার ও নেতৃত্বের কাঠামো বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানান। গ্লোবাল সাউথের দেশগুলো এখনো সিদ্ধান্ত গ্রহণে পিছিয়ে রয়েছে উল্লেখ করে এ বৈষম্য দূর করতে প্রতিনিধিত্ব, কার্যকর সাড়া প্রদান ও নিয়ম প্রণয়ন—এই তিন ভিত্তির ওপর ১০ দফা সংস্কার রোডম্যাপ তৈরির প্রস্তাব দেন তিনি।
এদিকে ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে তীব্র মতপার্থক্য থাকলেও যৌথ ঘোষণায় ঐকমত্যে পৌঁছেছে ব্রিকস। শনিবার ভোর ৪টা পর্যন্ত চলা নিবিড় আলোচনার পর এ সমঝোতা হয়। বিশেষ করে ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো ভিন্ন অবস্থানের দেশগুলো একই ফোরামে থাকায় ঐকমত্যে পৌঁছানোকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কো-অপারেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি’। ব্রিকসের ২০ বছর পূর্তির এ সম্মেলনে জোটটিকে আরও কার্যকর, সমন্বিত ও সমাধানমুখী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।



ফেসবুক কর্নার