September 12, 2026, 6:39 pm

কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে : প্রতিমন্ত্রী ফরহাদ

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার

পঞ্চগড়ের দ্বিতীয় পর্যায়ে সরকারি উদ্যোগে সোলার প্রকল্প স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার সকালে পঞ্চগড় অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শনকালে চীন, সিঙ্গাপুর ও দুবাইসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং দেশীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে আগামী ১৭ সেপ্টেম্বর ফেনীতে সরকারি সোলার পাওয়ার প্ল্যান্টসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সরকারের প্রত্যাশা, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় জনগণের কর্মসংস্থান ও নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।
প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড়ের এ অঞ্চলের জন্য সোলার প্রকল্প অত্যন্ত উপযোগী। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে দ্রুত প্রকল্পগুলোর নির্মাণকাজ শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এগিয়ে যাওয়া সম্ভব হবে। একই সঙ্গে দেবীগঞ্জে সোলার বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কৃষিভিত্তিক এগ্রোজোন ও সবুজায়ন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ জনপদের বিদ্যুৎ চাহিদা পূরণে সহায়তার পাশাপাশি স্থানীয় বেকারত্ব কমবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে। বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় জনগণকে কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হবে। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে।
অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন শেষে চীনের জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং বলেন, এখানকার জমি প্রাকৃতিকভাবে ভালো এবং বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। নিজ দেশে ফিরে বোর্ড সভায় বিষয়টি আলোচনা করে বিনিয়োগের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানান তিনি। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহাবুব হোসেন, জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ সংকট মোকাবিলায় দ্রুত সোলার প্রকল্প বাস্তবায়ন জরুরি। পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে ডিসেম্বরের মধ্যে উৎপাদন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।



ফেসবুক কর্নার