September 14, 2026, 5:40 am

বাসের ধাক্কায় ভাঙ্গায় নড়াইলের সাংবাদিক নিহত

আব্দুল হামিদ শেখ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নড়াইলের সাংবাদিক কাজী আশরাফ (৪৫) নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা মাহমুদুল হাসান অনিক আহত হয়েছেন। নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশন ও দৈনিক করতোয়া পত্রিকার লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নড়াইলের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।
পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, রোববার সকালে ব্যক্তিগত কাজে কাজী আশরাফ ও মাহমুদুল হাসান অনিক মোটরসাইকেলে করে লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় বৃষ্টির মধ্যে মোটরসাইকেলটি সড়কে স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে কাজী আশরাফ ও অনিক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কাজী আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, সকালে মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১২টার দিকে কাজী আশরাফের মৃত্যুর খবর পাওয়া যায়। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সাংবাদিক কাজী আশরাফের মৃত্যুতে নড়াইলে কর্মরত সাংবাদিকদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সহকর্মীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



ফেসবুক কর্নার